ফেনী প্রতিনিধি
মালয়েশিয়ায় ঘুমের মধ্যে ইমরান হোসেন (৩১) নামে ফেনীর সোনাগাজীর এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে মালয়েশিয়ায় নিজ বাসায় তার মৃত্যু হয়।
ইমরান হোসেন সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের ওসমান আলী মিয়াজী বাড়ির আবু ইউসুফের ছোট ছেলে। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে মাত্র ১৯ বছর বয়সে প্রায় ১২ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান ইমরান। সেখানে একটি প্রতিষ্ঠানের ক্যান্টিনে কাজ করতেন তিনি। মালয়েশিয়ায় যাওয়ার প্রায় চার বছর পর ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েন। এরপর নানা আইনি জটিলতার কারণে দীর্ঘ এক যুগেও দেশে ফিরতে পারেননি।
পরিবারের সদস্যরা জানান, প্রায় দুই মাস আগে আইনি জটিলতা কাটিয়ে ইমরান ভিসা নবায়ন করেছিলেন। আগামী দুই মাস পর দেশে ফিরে বিয়ে করার কথা ছিল তার। তবে সেই স্বপ্ন আর পূরণ হলো না।
জানা গেছে, রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে সহকর্মীরা ইমরানের কক্ষে গিয়ে তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তারা তার এক ভাগ্নেকে খবর দেন। পরে দরজার ছিটকানি ভেঙে কক্ষে প্রবেশ করে ইমরানকে বিছানায় মৃত অবস্থায় দেখতে পান তারা। ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে।
ইমরানের মরদেহ বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
ইমরানের বাবা আবু ইউসুফ সন্তানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার ছেলে একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে বিদেশের মাটিতে টাকা উপার্জন করে দেশের অর্থনীতিতে অবদান রেখেছে। আমি আমার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করছি।’
পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে ইমরানের পরিবার ও স্বজনদের মধ্যে।

