ফেনী প্রতিনিধি
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে ফেনীর সোনাগাজীতে চুরি, ডাকাতি, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক ও ইভটিজিংমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেলে সোনাগাজী মডেল থানা পুলিশের উদ্যোগে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দোলন চেয়ারম্যানের বাড়ির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম।
জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সোনাগাজী মডেল থানার এসআই আজগর হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি নুরুল হুদা, জামায়াত নেতা আবুল কাশেম, বিট পুলিশের সদস্য ওমর ফারুক, আব্দুল গোফরান, আতিকুর রহমান শিপন ও মনচুর আলম শিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বাড়ানো জরুরি। এলাকার অপরাধ, মাদক ও সামাজিক অনাচার প্রতিরোধে স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।
এ সময় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

