নোয়াখালী প্রতিনিধি
চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম বলেছেন, সমাজে অপরাধ দমনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন, যা দেখে অন্যরা শিক্ষা নিতে পারে। তবে বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে অনেক সময় শাস্তির কার্যকর সামাজিক প্রভাব থাকে না।
বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে নোয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী বলেন, “আমাদের বিভিন্ন সমস্যা রয়েছে, বিচারকের অভাব আছে—যার কারণে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হচ্ছে না। একটা মানুষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো দৃষ্টান্তমূলক হওয়া, যা দেখে সমাজ শিক্ষা নিতে পারে। কিন্তু এখন পরিস্থিতি এমন হয়েছে যে, আমরা যে রায় পাচ্ছি তা এত দীর্ঘ সময় পরে পাচ্ছি যে সমাজে তার কোনো প্রভাব পড়ছে না।”
তিনি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব পক্ষকে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
নোয়াখালী জেলা পুলিশ সুপার এম. এন. নাসিরুদ্দিনের সভাপতিত্বে সভায় জেলার সিভিল সোসাইটির প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, শিক্ষক, ইমাম, আইনজীবী ও চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ আজাদ ও জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। এছাড়া জেলা বিএনপি, জামায়াত, এনসিপি ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা আলোচনায় অংশ নেন।
মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিচারিক প্রক্রিয়া, অপরাধ দমন এবং সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন অংশগ্রহণকারীরা।

