কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি
চাঁদপুরের কচুয়া পৌরসভার কুটিয়া লক্ষ্মীপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
সরেজমিনে জানা যায়, কুটিয়া লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোখলেছুর রহমানের সঙ্গে একই এলাকার ইয়াসিন, ইয়াকুব ও ইউনুসের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে মোখলেছুর রহমানের পক্ষে তাঁর বোন কোহিনুর বেগম চাঁদপুরের বিজ্ঞ আদালতে নিষেধাজ্ঞার মামলা করেন। আদালত ওই জমিতে স্থাপনা নির্মাণ বা কোনো ধরনের পরিবর্তন না করার নির্দেশ দেন বলে দাবি বাদীপক্ষের।
তবে বাদীপক্ষের অভিযোগ, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইয়াসিন, ইয়াকুব ও ইউনুস গং ওই জায়গায় নতুন ঘর নির্মাণের কাজ শুরু করেছেন।
মামলার বাদী কোহিনুর বেগম অভিযোগ করেন, তাঁদের বাড়ি থেকে বের হওয়ার চলাচলের রাস্তার ওপর ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রতিপক্ষ জোরপূর্বক ঘর নির্মাণ শুরু করেছেন। এতে বাধা দিলে তাঁদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের ওপর জোর-জুলুম করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন কোহিনুর বেগম।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে ইয়াসিন, ইয়াকুব ও ইউনুস বলেন, মোখলেছুর রহমানের চলাচলের রাস্তা উন্মুক্ত রেখেই নির্দিষ্ট জায়গায় তাঁরা ঘর নির্মাণ করছেন। মোখলেছুর রহমানের জায়গার ওপর কোনো ঘর নির্মাণ করা হচ্ছে না।
আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে তাঁরা বলেন, তাঁরাও আদালতে মামলা করেছেন এবং বিষয়টি বর্তমানে বিচারাধীন রয়েছে।

