জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (প্রায় ৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া রেলগেটের উত্তর পাশে রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে সান্তাহার রেলওয়ে জিআরপি পুলিশকে বিষয়টি জানায়।
স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় ওই যুবক চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মারা যেতে পারেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সান্তাহার জিআরপি পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

