অশোক মুখার্জি,কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়াসহ বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। একই সঙ্গে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় একটানা বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অনেককে বৃষ্টির কারণে কাজের উদ্দেশ্যে বের হতে না পারায় বিপাকে পড়তে হয়েছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সাগরে বড় বড় ঢেউ সৃষ্টি হয়ে তীরে আছড়ে পড়ছে। উপকূলীয় এলাকার ওপর দিয়ে যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সব মাছধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে উপকূলীয় এলাকায় ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

