Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে চোরাচালানে বাধা দেওয়ায় নৈশপ্রহরীসহ ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ

মৌলভীবাজার প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার টিপরাছড়া চা বাগানের সীমান্তবর্তী এলাকায় ভারতীয় পণ্য ও মাদক চোরাচালানে বাধা দেওয়াকে কেন্দ্র করে ফিনলে টি কোম্পানির চা বাগানের দুই নৈশপ্রহরীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টিপরাছড়া চা বাগানের সীমান্তবর্তী এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় বিভিন্ন পণ্য ও মাদক বাংলাদেশে প্রবেশ করছে। গত ৯ আগস্ট রাত ১১টার দিকে চোরাচালান কার্যক্রমে বাধা দেওয়াকে কেন্দ্র করে কথাকাটাকাটির একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, এ সময় ফিনলে টি কোম্পানির চা বাগানের নৈশপ্রহরী কাওছার মিয়া (৫০) ও মাহমুদ মিয়া (২৫)-এর ওপর অতর্কিত হামলা চালানো হয়। তাদের চিৎকার শুনে স্থানীয় হুগলিয়া গ্রামের নজু মিয়া (৪৫) এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাকেও ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা নজু মিয়ার হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি চোখে আঘাত করে। এতে তার এক চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয়েছে বলে দাবি করা হয়েছে। পরে চা শ্রমিক ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, ফটিক মিয়া নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় ভারতীয় পণ্য ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলেও দাবি করেন তারা। চোরাচালান কার্যক্রমে বাধা দেওয়ায় পূর্বেও নৈশপ্রহরীদের সঙ্গে তাদের বিরোধ হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এদিকে আহত নজু মিয়ার বড় ভাই ইকবাল মিয়া বাদী হয়ে মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।