জয়পুরহাট প্রতিনিধি
“একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী”—এই বার্তাকে সামনে রেখে বিশ্ব আলোকচিত্র দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা, ছবি প্রদর্শনী ও আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির আয়োজনে এ কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।
আলোকচিত্র প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় জমা পড়া ছবির মধ্য থেকে সেরা ৫০টি ছবি বাছাই করে প্রদর্শন করা হয়। পরে স্কুল ও কলেজ পর্যায়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়।
স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করে নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফিদ হাসান। দ্বিতীয় স্থান অর্জন করে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ হোসেন।
কলেজ পর্যায়ে প্রথম স্থান অর্জন করে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী মো. ময়নুল হোসেন সাদিক। দ্বিতীয় স্থান অর্জন করে একই কলেজের শিক্ষার্থী মেহজাবিন নাফিশা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সেক্রেটারি শামীম কাদীর ও এলিগেন্ট ইভেন্টসের সিইও মো. সালেহুর রহমান সজীব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সভাপতি মেজবাউল ইসলাম।
পরে জেলা প্রশাসক প্রদর্শনী গ্যালারি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের তোলা বিভিন্ন ছবি দেখেন। এ সময় তিনি তরুণদের সৃজনশীলতা বিকাশে ফটোগ্রাফির গুরুত্ব তুলে ধরে তাদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সদস্যসচিব দেবাশীষ, সদস্য বিপ্লব, রাফি, বাধন মণ্ডল, জুলফিকার, বায়েজিদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও ফটোগ্রাফিপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ফটোগ্রাফি শুধু শখের বিষয় নয়; এটি আধুনিক শিল্প ও পেশারও গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। একটি ছবির মাধ্যমে মানুষের অনুভূতি, সময়ের ঘটনা ও সমাজের বাস্তবচিত্র তুলে ধরা সম্ভব। তরুণদের মধ্যে ফটোগ্রাফির প্রতি আগ্রহ তৈরি এবং নতুন প্রতিভাবান আলোকচিত্রীদের উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।
জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির আয়োজনে এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সহ-আয়োজনে অনুষ্ঠিত কর্মশালা ও প্রদর্শনীতে শিক্ষার্থী, ফটোগ্রাফারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

