জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলাম (৬৫) নামে এক ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ এলাকায় মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পাশের একটি ফসলি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জহুরুল ইসলাম উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মণ্ডলের ছেলে। তিনি মাদারগঞ্জ পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন এবং পেশায় ইজিবাইক চালক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ঘুঘুমারী এলাকা থেকে ইজিবাইক নিয়ে নিজ বাড়ি বাকুরচরের উদ্দেশে রওনা হন জহুরুল। পরে স্থানীয় এক ব্যক্তি আমলীতলা ব্রিজের উত্তর পাশে সড়কের ওপর ইজিবাইকটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জহুরুলকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) জহুরুল ইসলামের ছেলে বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় নিখোঁজের অভিযোগ করেন।
এরপর বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পূর্ব চরপাকেরদহ এলাকায় সড়কের পাশে একটি ফসলি জমিতে মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় এক কৃষক। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি জহুরুল ইসলামের বলে শনাক্ত করেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, নিখোঁজের তিন দিন পর জহুরুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

