নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১২টি ঝুটের গোডাউনের মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ী মেট্রো থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দেওলিয়াবাড়ী এলাকার বাচ্চু মিয়ার পলি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের গোডাউনগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। মোট পাঁচটি ইউনিট প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে।
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে প্রকৃত কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

