ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১২টার দিকে ভাঙ্গা ইন্টারসেকশন গোলচত্বরের ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী কুশাডাঙ্গা গ্রামের শাহাদাত সরদারের ছেলে কাউসার আহমেদ রাতুল সরদার (১৭) এবং একই ইউনিয়নের ফুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে রাজু আহমেদ (২০)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা গোলচত্বর ফ্লাইওভারের নিচ দিয়ে একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ওই দুই তরুণ। এ সময় বিপরীত দিক থেকে আসা ‘গোল্ডেন লাইন পরিবহনের’ একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকায় নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট হাচান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ‘গোল্ডেন লাইন পরিবহনের’ বাসটি জব্দ করেছে পুলিশ।

