জাবিপ্রবি প্রতিনিধি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সিএসই বিভাগের প্রোগ্রামিং ক্লাব আয়োজিত ‘Math & IQ Quiz Contest’-এ চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের শিক্ষার্থী নাহিয়ান মোকাররিম খান।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত JSTU Programming Symposium-2026-এর অংশ হিসেবে এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতায় সবার মধ্যে প্রথম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নাহিয়ান। এ সময় তাকে বিজয়ী সনদ প্রদান করা হয়।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতার প্রশ্ন প্রণয়ন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের সাবেক অধ্যাপক, স্বনামধন্য কম্পিউটার বিজ্ঞানী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
নিজের অনুভূতি প্রকাশ করে নাহিয়ান মোকাররিম খান বলেন, “Programming Club JSTU কর্তৃক আয়োজিত Math & IQ Quiz Contest-এ Champion হতে পেরে আমি খুব আনন্দিত। ছোটবেলা থেকেই Bangladesh Mathematical Olympiad-এ অংশগ্রহণ করতাম। কয়েকবার আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণের জন্যও নির্বাচিত হয়েছিলাম। এত প্রতিযোগীর মধ্যে প্রথম হতে পেরে আমি অনেক খুশি। আশা করি, এই প্রতিযোগিতা প্রতিবছর আয়োজন করা হবে।”
অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ তরুণ প্রোগ্রামারদের দক্ষতা উন্নয়ন, সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে নিয়মিত প্রোগ্রামিং চর্চার গুরুত্ব তুলে ধরেন।
নাহিয়ানের এই সাফল্যে ইইই বিভাগের শিক্ষার্থী, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। তার এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

