জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল বাজারে কেমিক্যালের পরিত্যক্ত স্টিলের ড্রাম কাটার সময় বিস্ফোরণে নুরনবী ফকির (৪৫) নামে এক ওয়ার্কশপ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে জোনাইল বাজারে তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরনবী ফকির জোনাইল পক্ষীমারী এলাকার মৃত মতিউর রহমান মতি ফকিরের ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের প্রয়োজনে কেমিক্যাল রাখার একটি পরিত্যক্ত স্টিলের ড্রাম কাটছিলেন নুরনবী। এ সময় হঠাৎ বিকট শব্দে ড্রামটি বিস্ফোরিত হয়। এতে তার মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে।
বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন। জামালপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত নুরনবী ফকির স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিত্যক্ত কেমিক্যালের ড্রাম কাটার ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

