মফিজুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটেছে। শনিবার সকালে উপজেলার দলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দলিলপুর গ্রামে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাদের মেম্বার ও শাহীন শেখের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে হামিদ শেখ ও তার ছেলে শফিকুল শেখ ধানক্ষেতে সার দিতে গেলে শাহীন শেখের সমর্থকরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে হামিদ শেখ ও রতন শেখ আহত হন।
পরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে লালচাঁদ, মুন্নাফ হোসেন, ইকবাল শেখ, হামিদ শেখ ও রতন শেখসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের একপর্যায়ে কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।
আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সংঘর্ষে জড়িত উভয় পক্ষই বিএনপির সমর্থক।
আহত শফিকুল ইসলাম বলেন, “শনিবার সকালে আমি ও আমার বাবা ধানের জমিতে সার দিতে গেলে শাহীন গ্রুপের সমর্থকরা অতর্কিত হামলা চালিয়ে আমাদের মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করেই পরে গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।”
শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, দলিলপুর গ্রামে মারামারির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

