দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ায় জমিতে সার দিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তোফাজ্জেল হোসেন (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের তেঘরিয়া মাঠে এ ঘটনা ঘটে।
নিহত তোফাজ্জেল হোসেন সদর উপজেলার আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের মান্নান প্রধানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বর্গা নেওয়া ধানি জমিতে সার দিয়ে বাড়ি ফিরছিলেন কৃষক তোফাজ্জেল হোসেন। পথে তেঘরিয়া মাঠ এলাকায় পৌঁছালে হঠাৎ বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় আরও দুই ব্যক্তি বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আলামপুর পুলিশ ক্যাম্পের এএসআই ফরিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, বজ্রপাতেই কৃষক তোফাজ্জেল হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

