শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে বর্ষাকালীন তরমুজ চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা। চিংড়ি ঘেরের পাড়ে সবজি চাষের পাশাপাশি মাচায় তরমুজ চাষ করে বাড়তি আয়ের পথ তৈরি করেছেন তারা। গত কয়েক বছর ধরে তরমুজ চাষ করে অনেক কৃষকের আর্থিক সচ্ছলতা ফেরায় এ চাষে আগ্রহ দিন দিন বাড়ছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার অধিকাংশ ফসলি জমিতে চিংড়ি ঘের তৈরি করে মাছ চাষ করা হচ্ছে। এসব ঘেরের পাড়ে বিভিন্ন ধরনের সবজির পাশাপাশি বর্ষাকালীন তরমুজ চাষ করছেন কৃষকরা। মাচা তৈরি করে তাতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে তরমুজ। বর্তমানে উপজেলার বিভিন্ন চিংড়ি ঘেরের পাড়ে শত শত তরমুজ ঝুলতে দেখা যাচ্ছে।
কৃষকরা জানান, বর্ষা মৌসুমে তরমুজের বাজারদর ভালো থাকায় তারা বেশ লাভবান হচ্ছেন। ক্ষেতের তরমুজ কিনতে বিভিন্ন এলাকার পাইকাররা কৃষকদের বাড়ি ও ক্ষেতে ভিড় করছেন। পরে এসব তরমুজ পাইকারদের মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। স্থানীয় হাট-বাজারেও চাহিদা থাকায় ভালো দামে বিক্রি হচ্ছে তরমুজ।
শ্যামপাড়া গ্রামের সবজি চাষি দুলাল বালা জানান, একসময় এ এলাকায় শুকনো মৌসুমে ব্যাপকভাবে তরমুজ চাষ হতো। পরপর কয়েক বছর ভারী বৃষ্টিতে ক্ষেতের গাছ নষ্ট হয়ে যাওয়ায় অনেক কৃষক লোকসানে পড়েন। তবে বর্তমানে বর্ষা মৌসুমে মাচায় তরমুজের ফলন ভালো হচ্ছে। তুলনামূলক কম খরচে চাষ করা যায় বলে এটি লাভজনক ফসল বলে মনে করেন তিনি।
একই গ্রামের তরমুজ চাষি নির্মল মণ্ডল বলেন, তিনি ১০ কাঠা জমিতে তরমুজ চাষ করেছেন। এবার ফলনও ভালো হয়েছে। ইতোমধ্যে ক্ষেতের তরমুজ বাজারে বিক্রি শুরু করেছেন। বর্তমানে প্রতি মণ তরমুজ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এতে চাষের খরচ তুলে ভালো লাভ করতে পারবেন বলে আশাবাদী তিনি।
এ বছর শ্যামপাড়া গ্রামের মধাব বৈরাগী, গিরিশ বৈরাগী, আনন্দ বৈরাগীসহ অনেক কৃষক মাচায় তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন।
চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সিফাত-আল-মারুফ জানান, চলতি বছর উপজেলায় ৩৩ হেক্টর জমিতে বর্ষাকালীন তরমুজের চাষ হয়েছে। কৃষকরা উচ্চফলনশীল ‘ছক্কা’ জাতের তরমুজ চাষ করেছেন। এ জাতের ফলন ভালো হয়।
তিনি বলেন, বর্ষাকালে তরমুজ চাষে কৃষকদের তুলনামূলক কম খরচ হয়। বৃষ্টির পানিতে চাষাবাদ সম্ভব হওয়ায় অতিরিক্ত সেচের প্রয়োজন পড়ে না। পাশাপাশি বর্তমানে বাজারে তরমুজের চাহিদা ও দাম দুটিই ভালো রয়েছে। ফলে এ ফসল চাষ করে কৃষকরা লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

