আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ১০ বোতল উইনকেরেক্স (কেরেক্স) মাদকসহ আব্দার আলী শাহ (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীনের নেতৃত্বে এসআই বেলায়েত হোসেন, এএসআই হান্নান মিয়া ও এএসআই সাগর আলী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় বহেরা গ্রামের আব্দার আলী শাহের বসতবাড়ির সামনে ইটের সোলিং রাস্তা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ বোতল উইনকেরেক্স মাদক উদ্ধার করা হয়।
আটক আব্দার আলী শাহ বহেরা গ্রামের মৃত মারফত শাহের ছেলে।
এ ঘটনায় এসআই বেলায়েত হোসেন বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলাটি থানায় ৩ নম্বর হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় মাদকসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।’
পুলিশ জানায়, মামলার পর শনিবার (১২ সেপ্টেম্বর) আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

