Nabadhara
ঢাকাশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন সিকদার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টা পার হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের আলটিমেটাম দেওয়া হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কবাই ইউনিয়নের চৌমাথা এলাকায় সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কবাই চৌমাথা থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদ সম্মেলনে কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেলের সভাপতিত্বে বক্তব্য দেন নিহত সুমন সিকদারের মা মনোয়ারা বেগম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাওসার হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুল হাসান, জাকির হাওলাদার ও বাবু মৃধা।

সংবাদ সম্মেলনে কামরুল হাসান রুবেল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্যানচালক সুমন সিকদারকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে প্রশাসনের ব্যর্থতা তুলে ধরে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, এ ঘটনায় নিহত সুমনের মা মনোয়ারা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে বাকেরগঞ্জ থানায় মামলা করেন। মামলায় রিগান হাওলাদারসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়েছে। মামলাটির নম্বর ১৯।

সংবাদ সম্মেলনে নিহত সুমনের মা মনোয়ারা বেগম অভিযোগ করেন, তাঁর ছেলে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পূর্বশত্রুতার জেরে বৃহস্পতিবার বাড়ির সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রিগান হাওলাদারসহ কয়েকজনকে তিনি দায়ী করেন।

তিনি আরও অভিযোগ করেন, মনা তালুকদারের সঙ্গে তাঁর ছেলের স্ত্রীর কথিত পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়েছিল। ওই বিরোধের জেরেই তাঁর ছেলেকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন। তিনি ছেলের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি, এমনকি ফাঁসির দাবি জানান।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, হত্যাকাণ্ডের পর থেকেই পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, দ্রুতই আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।