মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে ৭০ পিস ইয়াবাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটকের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক ছাত্রদল নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতার নাম মো. জাবের হোসেন (২১)। তিনি মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার যশোর জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শাহ নেওয়াজ ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জাবের হোসেনকে সাংগঠনিকভাবে অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাবের হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে সংগঠনের সব কর্মকাণ্ড থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি বিশেষ দল মনিরামপুর বাজারের মেসার্স তাছনিয়া অটোগ্যাস সেন্টারের সামনে অভিযান চালায়। এ সময় ৭০ পিস ইয়াবাসহ জাবের হোসেনকে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়।
জাবের হোসেন মনিরামপুর উপজেলার সদর ইউনিয়নের ফতেয়াবাদ গ্রামের মো. আমিনুর রহমানের ছেলে। তিনি মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
এদিকে মাদক মামলায় আটকের পর দলীয় পদ থেকে অব্যাহতির ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
মনিরামপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, জাবেরকে আটকের বিষয়টি তারা জানতে পারেন। পরে বিষয়টি যশোর জেলা ছাত্রদলের নেতৃবৃন্দকে জানানো হয়। জেলা নেতৃবৃন্দ বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন।
যশোর জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শাহ নেওয়াজ ইমরান বলেন, ছাত্রদলের সঙ্গে মাদকের কোনো সম্পর্ক নেই। মনিরামপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাবের হোসেনের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে দলের সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ছাত্রদলে মাদক ও দুর্নীতির কোনো স্থান নেই। ভবিষ্যতে সংগঠনের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

