বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে স্থানীয় আবুল কাশেম কাশি কর্তৃক দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বকশীগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক আশরাফুল হায়দার, শাহীন আল আমিন, আবদুল লতিফ লায়ন, জিএম ফাতিউল হাফিজ বাবু, এমদাদুল হক লালন, মাসুদ উল হাসান, মনিরুজ্জামান লিমন, রাশেদুজ্জামান রনি, ইমরান আকন্দ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারীকে হয়রানি ও নির্যাতনের উদ্দেশ্যে আবুল কাশেম কাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও সাজানো মামলা দায়ের করেছেন। তারা মামলাটিকে হয়রানিমূলক দাবি করে এর প্রতিবাদ জানান।
বক্তারা অবিলম্বে সাংবাদিক মোয়াজ্জেম হোসেন হিলারীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার করা না হলে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন তারা।
মানববন্ধনে বকশীগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

