বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার পাচারের সময় আরও ২৫ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজার এলাকায় দুটি অটোরিকশায় করে সারগুলো অন্যত্র নেওয়ার পথে স্থানীয়রা আটক করেন। পরে উপজেলা প্রশাসনকে খবর দেওয়া হলে প্রশাসনের পক্ষ থেকে সারগুলো জব্দ করা হয়।
এর আগে সোমবার বিকেলে বকশীগঞ্জ পৌর শহরের উত্তর বাজার এলাকা থেকে আরও ১৫ বস্তা ইউরিয়া সার জব্দ করে উপজেলা প্রশাসন।
জানা গেছে, গত কয়েকদিন ধরে একটি অসাধু চক্র বিভিন্ন কৌশলে ইউরিয়া ও নন-ইউরিয়া সার বিভিন্ন এলাকায় পাচারের চেষ্টা করছে। প্রশাসনের তৎপরতায় এসব সার পাচারের কয়েকটি চেষ্টা ভেস্তে যায়।
মঙ্গলবার বিকেলে দুটি অটোরিকশায় করে ২৫ বস্তা ইউরিয়া সার বাট্টাজোড় নতুন বাজার হয়ে অন্যত্র পাচারের সময় স্থানীয়রা অটোরিকশা দুটি আটক করেন। পরে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ঘটনাস্থলে গিয়ে ২৫ বস্তা সার জব্দ করেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে জব্দ করা সারগুলো উপজেলা কৃষি কর্মকর্তার হেফাজতে রাখা হয়।
বকশীগঞ্জের ইউএনও মুরাদ হোসেন বলেন, “সারগুলো জব্দ করে কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। এগুলো ন্যায্যমূল্যে কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, অসাধু চক্রের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

