আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
নবীনদের পদচারণা, ফুলেল শুভেচ্ছা ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছিল ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজ ক্যাম্পাস। নতুন সহপাঠী, নতুন পরিবেশ ও নতুন শিক্ষাজীবনকে ঘিরে নবাগত শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পুরো ক্যাম্পাসজুড়ে বিরাজ করে আনন্দঘন পরিবেশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে কলেজে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকরা।
কলেজের অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি নিজেই। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. মোজাফফর হোসেন ও সুলতানা রাফিজা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমান মুজিব নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। শিক্ষকদের সম্মান করতে হবে এবং ভালো ফলাফলের পাশাপাশি নিজেদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তোমাদের সুন্দর ভবিষ্যৎই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী অধ্যাপক লকিবুর রহমান মিয়া, জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ কবিরুল আমল ও মো. বাবুল শিকদার।
বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ ধারণের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।
নবীন বরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

