Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষাকে আনন্দময় করতে খেলাধুলায় অংশগ্রহণের বিকল্প নেই: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বৃহস্পতিবার সকালে সরকারের ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এর কক্সবাজার জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভাইস-চ্যান্সেলর বলেন, “শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে শুধু শ্রেণিকক্ষের পাঠদানই যথেষ্ট নয়। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে।”

তিনি বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা এবং প্রতিযোগিতার ইতিবাচক মানসিকতা তৈরি করে।

অধ্যাপক আমানুল্লাহ বলেন, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির লক্ষ্য শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও প্রাণবন্ত শিক্ষার পরিবেশ তৈরি করা, যেখানে তারা পড়াশোনার পাশাপাশি নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ পাবে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান তখনই প্রাণবন্ত হয়ে ওঠে, যখন জ্ঞানচর্চার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডও গুরুত্ব পায়।

তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর বিপুলসংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে। তাদের মেধা ও প্রতিভা বিকাশে বিশ্ববিদ্যালয় শুধু একাডেমিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। শিক্ষার্থীদের সুস্থ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলাসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল করা হবে।

খেলার মাঠ শিক্ষার্থীদের শুধু প্রতিযোগিতা করতে শেখায় না, জয়-পরাজয়কে ইতিবাচকভাবে গ্রহণ করতেও শেখায় উল্লেখ করে ভাইস-চ্যান্সেলর বলেন, একজন খেলোয়াড় নিজের সেরাটা দেওয়ার পাশাপাশি প্রতিপক্ষকে সম্মান করা, নিয়ম মেনে চলা এবং দলগতভাবে কাজ করার শিক্ষা পায়। ভবিষ্যৎ জীবনে এসব মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জেলা পর্যায়ের বিজয়ীদের পরবর্তী ধাপের বিভাগীয় প্রতিযোগিতার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সংশ্লিষ্টদের সহযোগিতা করার আহ্বান জানান।

দিনব্যাপী এ প্রতিযোগিতায় মোট ১১টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার জেলার ৯টি কলেজের প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেন। জেলা পর্যায়ে বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন।

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মো. মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, কক্সবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো. অহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরের পরিচালক ও কর্মকর্তারা এবং কক্সবাজার জেলার বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

প্রতিযোগিতার উদ্বোধন শেষে ভাইস-চ্যান্সেলর কক্সবাজার সরকারি কলেজের বিজ্ঞান ল্যাব পরিদর্শন করেন এবং ল্যাবের আধুনিকায়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পরে তিনি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

প্রতিযোগিতাকে ঘিরে কক্সবাজার সরকারি কলেজ মাঠে দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, খেলোয়াড়দের প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা এবং শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।