নড়াইল প্রতিনিধি
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে সুলতানের শিশুস্বর্গে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় শিশু-কিশোরদের রঙতুলিতে ফুটে ওঠে গ্রামীণ পরিবেশ-প্রকৃতি, শিল্পী এস এম সুলতানের প্রতিকৃতি, দেশের ইতিহাস-ঐতিহ্যসহ নানা বিষয়। ছবি আঁকার মধ্য দিয়ে শিল্পীর জীবন, কর্ম ও শিল্পভাবনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায় অংশগ্রহণকারীরা।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, চিত্রশিল্পী নিখিল দাস ও সাকি এবং এস এম সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এস এম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর শিল্পকর্মে গ্রামীণ জীবন, কৃষক ও শ্রমজীবী মানুষের সংগ্রাম বিশেষভাবে স্থান পেয়েছে।

