টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, সমাজে ও পরিবারে নারীদের সম্মান বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবারের নারী সদস্যদের নামে ফ্যামিলি কার্ড দিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এস এম জিলানী বলেন, আমাদের সমাজে নারীরা অনেক ক্ষেত্রে অবহেলিত। তাঁরা আয় না করায় পরিবার ও সমাজে যথাযথ সম্মান পান না। নারীদের মর্যাদা বৃদ্ধি এবং পরিবারে তাঁদের অবস্থান সুদৃঢ় করতেই ফ্যামিলি কার্ডের উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের অর্থনৈতিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। ফলে দেশের অর্থনীতি বর্তমানে চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে পর্যায়ক্রমে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে একসঙ্গে সব পরিবারকে কার্ড দেওয়ার নির্দেশনা দেওয়া যেত। তবে বর্তমান সরকারের দক্ষতায় অর্থনীতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার ও যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান শেষে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমে অংশ নেওয়া ১৫ জন তথ্য সংগ্রহকারী ও একজন সুপারভাইজারের মধ্যে ডিজিটাল ট্যাব বিতরণ করা হয়।

