Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বাড়ি থেকে তুলে নেওয়ার ২৬ দিনেও সন্ধান মেলেনি চমকের

নওগাঁ প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় দিনদুপুরে নিজ বাড়ি থেকে অস্ত্রের মুখে অচেতন করে মাইক্রোবাসে তুলে নেওয়ার অভিযোগের ২৬ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি হাবিবা ইয়াসমিন চমকের (৩০)। মেয়েকে ফিরে পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারে দ্বারে ঘুরছেন বাবা দুলাল হোসেন। দীর্ঘদিনেও মেয়ের খোঁজ না পাওয়ায় চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের।

নিখোঁজ চমক নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর ইউনিয়নের নূরাপাড়া গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে চমকের বাবা ও ভাই কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে গেলে তিনি ও তাঁর মা বাড়িতে ছিলেন। এ সময় বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামের রিয়াদ হোসেনসহ কয়েকজন সাদা রঙের মাইক্রোবাস নিয়ে বাড়িতে আসেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারের অভিযোগ অনুযায়ী, দেশীয় অস্ত্রের মুখে মা-মেয়েকে হুমকি দিয়ে চমককে বাড়ি থেকে তুলে নেওয়া হয়। একপর্যায়ে চেতনানাশক ওষুধ মেশানো রুমাল দিয়ে তাঁর মুখ চেপে ধরে অচেতন করে মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

চমকের বাবার অভিযোগ, রিয়াদ দীর্ঘদিন ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত ও হয়রানি করে আসছিলেন। এসবের প্রতিবাদ করায় চমককে তুলে নেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। ঘটনার পর মেয়েকে উদ্ধারের আশায় অভিযুক্তদের বাড়িতে গিয়েও কোনো সন্ধান পাননি। উল্টো হুমকির মুখে পড়ার অভিযোগ করেছেন তিনি।

দুলাল হোসেন জানান, ঘটনার পরদিন ২১ সেপ্টেম্বর নওগাঁ সদর মডেল থানায় মামলা করতে গেলে তাঁকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ২২ সেপ্টেম্বর নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা করেন তিনি। মামলায় রিয়াদ হোসেনকে প্রধান আসামি করে তাঁর পরিবারের সদস্যসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

মামলাটি আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নওগাঁ তদন্ত করছে। তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর প্রতাপ কুমার বলেন, “মামলাটি তদন্তাধীন রয়েছে। ভিকটিমকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।”

দুলাল হোসেন বলেন, “আমার মেয়েকে দিনদুপুরে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। এত দিন হয়ে গেল, এখনো তার কোনো খোঁজ পাইনি। কোথায় রেখেছে, কী অবস্থায় আছে, কিছুই জানি না। এই আতঙ্কে দিন কাটছে আমাদের।”

তিনি আরও বলেন, “আমি আমার মেয়েকে জীবিত ফিরে পেতে চাই। প্রশাসনের কাছে একটাই দাবি, দ্রুত আমার মেয়েকে উদ্ধার করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।”

চমকের নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্য ইউনিটেরও নজরে এসেছে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাঁর অবস্থান শনাক্ত বা উদ্ধারের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

২৬ দিনেও মেয়ের সন্ধান না পাওয়ায় দিশেহারা পরিবারটি দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা ব্যক্তিদের শনাক্ত, ব্যবহৃত মাইক্রোবাসের তথ্য সংগ্রহ এবং সম্ভাব্য সব সূত্র যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বজনেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।