Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে বসেছে সাধুদের হাট, শুরু হচ্ছে লালন স্মরণোৎসব

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে বসেছে সাধুদের হাট। সাঁইজির প্রতি গভীর টান আর আত্মশুদ্ধির আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আখড়াবাড়িতে জড়ো হয়েছেন বাউল, সাধু, লালনভক্ত ও অনুসারীরা। উৎসব ঘিরে বসেছে গ্রামীণ মেলা।

শনিবার (১৭ অক্টোবর), ১ কার্তিক থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন তিরোধান দিবসের অনুষ্ঠান। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ প্রতিপাদ্যে কুষ্টিয়া লালন একাডেমির আয়োজনে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ উৎসব অনুষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর।

লালন অনুসারীদের কাছে আখড়াবাড়ি কেবল একটি স্থান নয়, বরং আত্মশুদ্ধি, সাধুসঙ্গ ও ভাবের আদান-প্রদানের এক অনন্য মিলনক্ষেত্র। তাঁদের বিশ্বাস, সাঁইজির দর্শন ও বাণী অনুসরণের মধ্য দিয়ে মানুষের আত্মিক উপলব্ধি ও মানবিক চেতনার বিকাশ ঘটে। তাই তিরোধান দিবস ঘনিয়ে এলেই সাঁইজির টানে আখড়াবাড়িতে ছুটে আসেন তাঁরা।

উৎসব নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়া লালন একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক তৌহিদ-বিন হাসান।

এদিকে শুক্রবার বিকেল ৪টায় লালন আখড়াবাড়ি পরিদর্শন শেষে কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম জানান, উৎসব ঘিরে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ১২৯৭ বঙ্গাব্দের ১ কার্তিক মানবধর্মের সাধক ফকির লালন শাহ দেহত্যাগ করেন। এরপর থেকে তাঁর ভক্ত ও অনুসারীরা প্রতিবছর ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে সাধুসঙ্গসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি স্মরণ করে আসছেন। তিন দিনব্যাপী এ উৎসব ও গ্রামীণ মেলা ১৯ অক্টোবর শেষ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।