Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘হিন্দু ভাই-বোনেরা নির্ভয়ে পূজা করবেন, নিরাপত্তার দায়িত্ব আমার’: এমপি হেলাল

খুলনা প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি

‘হিন্দু ভাই-বোনেরা নির্ভয়ে দুর্গাপূজা উদ্‌যাপন করবেন। আপনাদের নিরাপত্তার বিষয়টি আমি নিজেই দেখব। কেউ হুমকি-ধমকি দিলে কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে আমাকে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।’—আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে এভাবেই নিরাপত্তার আশ্বাস দিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।

শুক্রবার (১৬ অক্টোবর) খুলনার তেরখাদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজিজুল বারী হেলাল বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ও তাঁদের সার্বিক সহযোগিতায় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক নাগরিক যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন এবং সম্মানের সঙ্গে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, তাঁর নির্বাচনী এলাকার হিন্দু ভাই-বোনেরা বুক উঁচু করে চলবেন। তাঁদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় তিনি পাশে থাকবেন। কেউ ভয়ভীতি দেখালে কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে তাঁকে জানাতে হবে। এ ধরনের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে সংসদ সদস্য বলেন, এ দেশের হিন্দু-মুসলমানের মধ্যে দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। ঈদ ও পূজা ছিল সবার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উপলক্ষ। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও পারস্পরিক ভালোবাসা, আন্তরিকতা ও সম্প্রীতিই মানুষের সম্পর্কের ভিত্তি।

অনুষ্ঠানে জানানো হয়, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তেরখাদা উপজেলার ৯৭টি পূজামণ্ডপে প্রতিটিতে ৬০০ কেজি করে চাল বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সহায়তা পূজামণ্ডপগুলোর আয়োজন ও ব্যবস্থাপনায় সহযোগিতা করবে।

তেরখাদা উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শঙ্কর কুমার বালার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী, তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহম্মেদ আলী বিশ্বাস, মহানগর পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক সমীর কুমার সাহা, আজগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ মেনন রায় এবং উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বিপ্লব কুমার সিকদার।

এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।