কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাগেরহাটের কচুয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান ও শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে। বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের পক্ষ থেকে এসব অনুদান ও উপহার দেওয়া হয়।
তিনি দেশের বাইরে অবস্থান করায় তাঁর পাঠানো অনুদান ও শুভেচ্ছা উপহার গত রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা দুর্গোৎসব উদযাপন পর্ষদ ও বিভিন্ন মন্দির কমিটির নেতাদের হাতে তুলে দেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।
পূজামণ্ডপ পরিদর্শনকালে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা সনাতন ধর্মাবলম্বী পূজা আয়োজক, পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পূজার সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি উৎসব আনন্দমুখর, সম্প্রীতিপূর্ণ ও নির্বিঘ্ন করতে পূজা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কচুয়া উপজেলা শাখার আহ্বায়ক উজ্জ্বল কুমার দাস এবং পূজা উদযাপন ফ্রন্টের নেতা নিরাময় ইন্দু হালদার।
এ ছাড়া উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

