কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পাইপ থেকে বের হওয়া গ্যাসে আগুন জ্বলার ঘটনায় এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, পাইপের মুখে গ্যাস লাইট ধরালে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। বিষয়টি পরীক্ষা করে দেখতে বিশেষজ্ঞ দল পাঠানোর দাবি জানিয়েছেন তারা।
বুধবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার বান্ধবাড়ি ইউনিয়নের ভাসাই বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় হার্ডওয়্যার ব্যবসায়ী কামরুল শেখ প্রায় এক বছর আগে মাছবাহী গাড়িতে পানি সরবরাহের জন্য ২৮০ ফুট গভীরতায় পাম্পটি স্থাপন করেন। তবে গত এক সপ্তাহ ধরে পাম্পটি থেকে পানি কম উঠছিল। পরে কৌতূহলবশত পাইপের মুখে গ্যাস লাইট ধরালে আগুন জ্বলে ওঠে বলে জানান তিনি।
বৃহস্পতিবার ঘটনাটি ছড়িয়ে পড়লে কামরুলের দোকানের সামনে উৎসুক মানুষের ভিড় জমে। অনেকে পাম্পটি চালিয়ে পাইপের মুখে আগুন জ্বলার দৃশ্য দেখেন। তবে পাইপ থেকে কী ধরনের গ্যাস বের হচ্ছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় যুবক শিহাব শেখ বলেন, “আমরা ঘটনাস্থলে এসে বিষয়টি দেখেছি। এখানে সত্যিই মাটির নিচে গ্যাস আছে কি না, তা জানতে বিশেষজ্ঞ দল দিয়ে পরীক্ষা করা প্রয়োজন।”
পাম্পটির মালিক কামরুল শেখ বলেন, “গত এক সপ্তাহ ধরে পানি কম উঠছিল। বুধবার রাতে পাইপের মুখে গ্যাস লাইট ধরাতেই আগুন জ্বলে ওঠে। এরপর বিষয়টি জানাজানি হলে লোকজন ভিড় করেন।”
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, বিষয়টি জানার পর তিনি সংশ্লিষ্ট তহশিলদারদের ঘটনাস্থলে পাঠিয়েছিলেন। তাদের কাছ থেকে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা জেনেছেন। শুক্রবার তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী পদক্ষেপ নেবেন।

