কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতাসহ বিভিন্ন মামলার ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দৌলতপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফিলিপনগর এলাকার মোখলেসুর রহমান ওরফে ওয়াসীম কবিরাজ (৪০), প্রাগপুর ইউনিয়ন যুবলীগের সদস্য খন্দকার সেলিম রেজা (৪৫), পাকুড়িয়া এলাকার পিতা হত্যা মামলার আসামি বাবু (৩৫), মানিকদিয়াড়ের রবিউল ইসলাম (৩০), বৈরাগীর চরের রতন আলী (৩৫), মুন্সিগঞ্জের আজম মন্ডল (৪০), জামালপুরের শফি মন্ডল (৪৫), ময়রামপুরের মনিরুল ইসলাম (৪০), লক্ষ্মীখোলার রুহুল হোসেন (২১) ও গরুড়ার মোহন আলী (২২)।
পুলিশ জানায়, যুবলীগ নেতা ওয়াসীম কবিরাজ ও খন্দকার সেলিম রেজাকে নিজ নিজ বাড়ি থেকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বাবুকে তার বাবা বানেজ উদ্দিন হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। অন্যদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার ১০ জনকে আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

