গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে যশোর থেকে বিজিবি সদস্যরা গোপালগঞ্জে পৌঁছান। পরে সন্ধ্যা থেকে জেলা শহরের বিভিন্ন স্থানে টহল শুরু করেন তাঁরা।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা অবরোধকে কেন্দ্র করে মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন অবরোধকারীরা।
এ পরিস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। সন্ধ্যায় বিজিবি সদস্যরা জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দেন।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করবেন।

