নওগাঁ প্রতিনিধি
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, ‘যারা স্বপ্ন দেখছেন, আপনাদের ওই স্বৈরাচারী নেত্রী দেশে ফিরবেন, তারা এখনো বোকার রাজ্যে বাস করছেন। আপনাদের নেত্রী আপনাদের দেশে রেখে পালিয়ে গেছেন। তার আর বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাকে আর কখনো মেনে নেবে না।’
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে সুন্দর বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন। ‘সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ’—এই লক্ষ্য সামনে রেখে সরকার কাজ করছে। তবে স্বৈরাচারের কিছু প্রেতাত্মা এখনো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি পুলিশ প্রশাসনকেও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
নওগাঁ জেলা স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়ামের গ্যালারির অর্ধেকের বেশি জায়গা এখনো অসম্পূর্ণ। এটিকে পূর্ণাঙ্গ প্যাভিলিয়ন ও গ্যালারিসহ আধুনিক ইনডোর সুবিধাসম্পন্ন স্টেডিয়ামে রূপান্তর করা হবে। শুধু নওগাঁ নয়, দেশের ৫১টি জেলায় স্টেডিয়াম আধুনিকায়ন ও ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা রয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এসব কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করার আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৩৭টি জেলা থেকে ৫৩৫টি ইউনিয়নভিত্তিক খেলার মাঠের তথ্য পাওয়া গেছে। আগামী ডিসেম্বরের মধ্যে এক হাজার ইউনিয়নের মাঠের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তথ্য সংগ্রহ শেষে দ্রুত এসব মাঠে খেলাধুলা শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার তারিকুল ইসলাম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক বক্তব্য দেন।
উল্লেখ্য, জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্টে জেলার ১১টি উপজেলা ও একটি পৌরসভা থেকে মোট ১২টি দল অংশ নিচ্ছে। আগামী ৪ ডিসেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনের খেলায় মান্দা উপজেলা একাদশকে ২-১ গোলে হারিয়ে জয় পেয়েছে রাণীনগর উপজেলা একাদশ।

