Nabadhara
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় কাটেনি ধোঁয়াশা, শর্টসার্কিট নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদের পাল্টাপাল্টি বক্তব্য

কুষ্টিয়া প্রতিনিধি
নভেম্বর ১৪, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো কাটেনি ধোঁয়াশা। আগুনের সূত্রপাত নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিটের ধারণা, বিরোধী দলীয় সংসদ সদস্যদের পরিকল্পিত হামলার অভিযোগ এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ভিন্ন পর্যবেক্ষণে তৈরি হয়েছে নানা প্রশ্ন। প্রকৃত কারণ উদঘাটনে গঠিত চার সদস্যের তদন্ত কমিটি দ্বিতীয় দিনের মতো তদন্ত কার্যক্রম চালিয়েছে। এখন সবার নজর তদন্ত প্রতিবেদনের দিকে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ির বিভিন্ন কক্ষ, আসবাবপত্র ও আগুনে পুড়ে যাওয়া স্থাপনাগুলো ঘুরে দেখেন এবং বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করেন।

অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে গঠিত চার সদস্যের তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রোববার (১৫ নভেম্বর) সেই সময়সীমা শেষ হচ্ছে। কমিটির সদস্যদের ভাষ্য অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আগুনের উৎস, বৈদ্যুতিক শর্টসার্কিটের সম্ভাবনা কিংবা পরিকল্পিত হামলার অভিযোগ—প্রতিবেদনে কী উঠে আসে, তা জানতে অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি জানিয়েছিলেন, বাড়ির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে পেট্রোল বোমা ব্যবহারের প্রাথমিক কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, তদন্ত শেষ হওয়ার আগেই আগুনের কারণ সম্পর্কে এমন মন্তব্য তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করতে পারে। তাঁরা ঘটনাটিকে পরিকল্পিত হামলার অভিযোগের আলোকে গুরুত্বসহকারে তদন্তের দাবি জানান।

অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর শর্টসার্কিটের ধারণার সঙ্গে একমত নয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির দৌলতপুর কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার পর প্রাগপুর জোনের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। মিটারের অবস্থান ছিল একদিকে, অথচ আগুনের সূত্রপাত হয়েছে তার বিপরীত পাশে। তাই প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো সম্ভাবনা তাঁরা দেখছেন না।

পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের এজিএম (অপারেশন) মো. তোজাম্মেল হক জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুৎ সরবরাহের মিটার, ট্রান্সফরমারের ফিউজ, সংযোগ লাইন ও মেইন সুইচ অক্ষত পাওয়া গেছে। তাঁর দাবি, শর্টসার্কিটের কারণে আগুন লাগলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ফিউজ ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। কিন্তু এসব অক্ষত থাকায় তাঁদের প্রাথমিক পর্যবেক্ষণে শর্টসার্কিটের কোনো ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শুক্রবার বিকেলে নুসরাত তাবাসসুমের বাড়ি পরিদর্শনে যান ১১ দলীয় জোটের বিরোধী দলীয় সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল। এতে ছিলেন জামায়াতের সংসদ সদস্য আব্দুল গফুর, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। এ সময় সংসদ সদস্য নুসরাত তাবাসসুমও উপস্থিত ছিলেন। বাড়িটি পরিদর্শন শেষে তাঁরা সংবাদ সম্মেলনে নিজেদের বক্তব্য তুলে ধরেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় মামলা করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে, আগুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল জোরদার করেছেন।

তদন্ত কমিটির সদস্য ও ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তাধীন। শনিবার ছিল তদন্তের দ্বিতীয় দিন। এদিনও কমিটির সদস্যরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্কিট হাউসে বৈঠক করছেন। আগামী ১৫ নভেম্বর তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। তদন্তের স্বার্থে এর বাইরে আপাতত কিছু বলা সম্ভব নয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।