নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) গভীর রাতে ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কের আলামুন্সীর মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, লোহাগড়া উপজেলার দোপাদহ গ্রামের আজিম শেখ (২৫) ও ওবায়দুর রহমান (৪২) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার উত্তর ধানকুড়া গ্রামের জাকির শেখ (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে আলামুন্সীর মোড়ে টহল দেয় লোহাগড়া থানা পুলিশের একটি দল। এ সময় সন্দেহভাজন তিনজনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাদের নড়াইল আদালতে পাঠানো হয়েছে।

