কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব শীর্ষ সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের পায়রা হলরুমে রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে তরুণদের ক্যারিয়ার গঠন, দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবউদ্দিন মাননু, সিকদার রিসোর্ট ও ওশান ভিউ হোটেলের ম্যানেজার মো. আলামিন, ‘স্বপ্ন কুটির’-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজু, রুলার ইনহ্যান্সমেন্ট অর্গানাইজেশনের প্রশিক্ষক জায়েদ-বিন-অন্তর, প্রান্তজনের ফিল্ড কো-অর্ডিনেটর সাইফুল্লাহ মাহমুদ, ‘আমরা কলাপাড়াবাসী’র সাবেক সভাপতি নাজমুল সাকিব ও সদস্য নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় ‘ক্লিন কলাপাড়া’র নির্বাহী পরিচালক লিটু বিশ্বাস, পায়রা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ফরিদ উদ্দিন বিপু, আলফাবেট কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোস্তফা জামান সুজনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

