গোয়ালন্দ(রাজবাড়ী)প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে গ্রামীণ ব্যাংকের দৌলতদিয়া শাখার কার্যালয়ের সামনে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যাংক সূত্রে জানা যায়, ভোররাতে কে বা কারা শুকনো কাগজ দিয়ে কার্যালয়ের সামনে আগুন ধরিয়ে দেয়। বিষয়টি টের পেয়ে কর্তব্যরত নাইট গার্ড ইদ্রিস আলী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
ঘটনার একটি ১৯ সেকেন্ডের ভিডিও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ব্যাংকের দৌলতদিয়া শাখার বারান্দার ভেতরে মেঝেতে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের কিছু অংশ বারান্দার বাইরেও ছড়িয়ে পড়েছিল।
দৌলতদিয়া শাখার ব্যবস্থাপক এরশাদ হোসাইন জানান, কার্যালয়ের বাইরে লোহার কেচি গেটের সামনে শুকনো কাগজ দিয়ে আগুন দেওয়া হয়েছিল। নাইট গার্ড দ্রুত আগুন নিভিয়ে ফেলায় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। বৃহস্পতিবার ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক ছিল।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার শরিফুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন লাগার বিষয়ে তারা কিছু জানেন না। এ বিষয়ে কেউ তাদের অবহিত করেননি।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, ঘটনা জানার পর বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সেখানে আগুনের কোনো আলামত পাওয়া যায়নি। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

