মাদারীপুর প্রতিনিধি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মাদারীপুরে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। রোববার (২২ নভেম্বর) বিকেলে শহরের পৃথক স্থান থেকে এসব কর্মসূচি পালন করা হয়।
বিকেলে শহরের চৌরাস্তা এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডিসি ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ সরদার ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ অন্যরা।
এর আগে শহরের স্বাধীনতা অঙ্গন থেকে জেলা বিএনপির একাংশের উদ্যোগে আরেকটি বিক্ষোভ মিছিল বের হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান। মিছিলটি শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ডিসি ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়।
সেখানে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি নেত্রী হেলেন জেরিন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর রহমান মিঠু, জেলা যুবদলের সদস্যসচিব মনিরুজ্জামান ফুকু, পৌর যুবদলের আহ্বায়ক বাসার মাতুব্বর ও জেলা মহিলা দলের সভাপতি লাইজু আক্তারসহ অন্য নেতারা।
সমাবেশগুলোতে বক্তারা অভিযোগ করেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নৈরাজ্য ও সহিংসতা চালিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। তারা বলেন, জনগণ আর স্বৈরাচারী শাসন দেখতে চায় না। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতের আঁধারে বিভিন্ন অপকর্ম চালিয়ে গণতন্ত্র ও জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে। এসব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

