ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
জাতীয় শিশুকিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর জেলা পর্যায়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে শরীয়তপুরের সখিপুর দারুন নাজাত মাদ্রাসা কমপ্লেক্সের তিন শিক্ষার্থী।
প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ক্বিরআত ও আজান বিষয়ে মোহাম্মদ আসাদ আব্দুল্লাহ আরাফ, ‘খ’ গ্রুপে ক্বিরআত, রচনা ও ইসলামিক জ্ঞান বিষয়ে মরিয়ম সাবেরা এবং ‘গ’ গ্রুপে হামদ ও নাত বিষয়ে সুমাইয়া ইসলাম বিভাগীয় পর্যায়ে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে।
বাংলাদেশ সরকারের ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতায় এবারই প্রথম মাদ্রাসাটির পাঁচ শিক্ষার্থী অংশ নেয়। তাঁদের মধ্যে তিনজন বিভাগীয় পর্যায়ে যাওয়ার সুযোগ পেয়েছে।
এ সাফল্য উপলক্ষে নির্বাচিত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অর্জনে সন্তোষ প্রকাশের পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা, ধর্মীয় জ্ঞানচর্চা ও মেধা বিকাশের বিষয়ে আলোচনা করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, ‘এ বছরই প্রথম আমাদের মাদ্রাসা থেকে পাঁচজন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে তিনজন কৃতিত্বের সঙ্গে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।’
মাদ্রাসার শিক্ষক ও অভিভাবকেরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা সাফল্যের এ ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে জাতীয় পর্যায়েও প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে।

