রাজশাহী প্রতিনিধি
মাত্র সাত মাসে পবিত্র কুরআনুল কারিমের হিফজ সম্পন্ন করে হাফেজ হয়েছেন রাজশাহীর তানযীমুল উম্মাহ দাখিল মাদরাসার শিক্ষার্থী মো. জাহিদ জুবায়ের। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও মাদরাসার সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
জাহিদ জুবায়ের নাটোরের সিংড়া উপজেলার ছতর গ্রামের মো. গোলাম রাব্বানী ও মোসা. শাকিলা জাহান সেতুর সন্তান। রাজশাহীর তানযীমুল উম্মাহ দাখিল মাদরাসার শিক্ষার্থী হিসেবে শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, নিজের একাগ্রতা, অধ্যবসায় ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে অল্প সময়েই সে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জাহিদ জুবায়ের জানায়, সে একজন যোগ্য ইসলামিক স্কলার ও দ্বীনের একনিষ্ঠ দাঈ হতে চায়। পবিত্র কুরআন ও ইসলামের সুমহান শিক্ষা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার স্বপ্ন।
তার এই অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষকবৃন্দ ও তানযীমুল উম্মাহ পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন।

