মান্দা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর মান্দায় সিয়াম হোসেন (১৬) নামে এক কিশোরকে হত্যার পর তার চার্জারভ্যান ও মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সিয়াম উপজেলার চকউমেদ পশ্চিমপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সকালে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। রাতে পরিবারের সদস্যরা তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও সেটি বন্ধ পান। পরে শুক্রবার সকালে দোডাঙ্গী গ্রামের শাহাদত হোসেন শাহের বাঁশঝাড়ে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে স্বজনেরা সেখানে যান। এ সময় বাবা নজরুল ইসলাম ছেলের মরদেহ শনাক্ত করেন।
নিহতের বাবা নজরুল ইসলাম জানান, তিনি দেলুয়াবাড়ি বাজারের গরুর হাটে তরকারির ব্যবসা করে সংসার চালান। ছেলে লেখাপড়া না করায় উপার্জনের জন্য সম্প্রতি তাকে একটি চার্জারভ্যান কিনে দেন। বৃহস্পতিবার সকালে সেই ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় সিয়াম। রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তাঁরা। পরদিন সকালে ছেলের মরদেহ উদ্ধারের খবর পান।
নজরুল ইসলামের অভিযোগ, দুর্বৃত্তরা তাঁর ছেলেকে হত্যা করে চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে গেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যার পর চার্জারভ্যান ও মুঠোফোন নিয়ে গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

