Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, শিক্ষার্থীসহ আহত ২

কুবি প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী সানজিদা হামীম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বিস্ফোরণে আহত অটোরিকশাচালকের পরিচয় জানা যায়নি। ঘটনার পর শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তাঁকে দেখতে সেখানে যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ সাধারণ শিক্ষার্থীরা।

ঘটনার বর্ণনায় সানজিদা হামীম বলেন, ‘গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয়। আমি ভয় পেয়ে যাই। ককটেলটি বিস্ফোরিত হয়ে আমার পায়ে এসে লাগে। আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল।’

আহত অটোরিকশাচালক জানান, তিনি রিকশায় বসে ছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় বিস্ফোরণের একটি অংশ তাঁর ঘাড়ে এসে লাগে এবং ঘাড়ে ক্ষত সৃষ্টি হয়। তবে কারা ককটেল নিক্ষেপ করেছে, তা তিনি দেখেননি।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দায়িত্ব পালনরত আনসার সদস্য প্রসত্তম বলেন, তাঁরা তিনজন গেটে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান। ধোঁয়ার কারণে কিছু শনাক্ত করা যাচ্ছিল না। পরে এক শিক্ষার্থীকে চিৎকার করে পড়ে যেতে দেখেন। তবে কারা সেখানে ককটেল রেখেছিল, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন বলেন, আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আনসার সদস্যদের কাছ থেকে জানতে পারেন, সেখানে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ধোঁয়ার কারণে তাঁরা কাউকে শনাক্ত করতে পারেননি।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করা হবে। পাশাপাশি বিষয়টি কোতোয়ালি, সদর দক্ষিণ ও কোটবাড়ি থানাকে অবহিত করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।