Nabadhara
ঢাকাশনিবার , ২৮ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিতে বেনাপোল কাস্টমসে শাটডাউন, স্থবির আমদানি-রপ্তানি কার্যক্রম

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
জুন ২৮, ২০২৫ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ এবং ‘প্রতিহিংসামূলক’ বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে ডাকা ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বেনাপোল কাস্টমস হাউসে বন্ধ রয়েছে সব ধরনের কার্যক্রম।

 

শনিবার সকাল থেকে বেনাপোল কাস্টমসে আমদানি-রপ্তানি সংক্রান্ত শুল্কায়নের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে কাস্টমস ভবনে প্রবেশে ঝুলিয়ে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার ব্যানার। কর্মকর্তারা নিজ নিজ টেবিলে অনুপস্থিত, পাশাপাশি বন্ধ রাখা হয়েছে এনবিআরের অনলাইন সার্ভারও। ফলে কোনো বিল অব এন্ট্রি দাখিল সম্ভব হয়নি, আর স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম।

 

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে শনিবার সকাল থেকে কোনো পণ্য আমদানি বা রপ্তানি হয়নি বলে নিশ্চিত করেছেন বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার। তবে পাসপোর্টধারী যাত্রীদের ইমিগ্রেশন ও চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।

 

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল থেকেই কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। এরইমধ্যে গত বৃহস্পতিবার আইজিএম ইস্যু করা ছয়টি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করলেও নতুন করে আর কোনো ট্রাক প্রবেশ করেনি।”

 

এর আগে, গত ২৩ জুন সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চারদিন বেনাপোল কাস্টমসে একাধিক দফায় কলম বিরতি কর্মসূচি পালন করে সংশ্লিষ্টরা। প্রতিদিন কয়েক ঘণ্টা করে কর্মবিরতির পর এবার তাঁরা একদিনের পূর্ণদিবস কর্মবিরতিতে গেছেন। কর্মসূচির ফলে বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী, ট্রাকচালক এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ চরম দুর্ভোগে পড়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।