জুলফিকার বাবলু, মাদারগঞ্জ (জামালপুর)
সারাদেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) বিকেলে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “বিএনপি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য সফল নেতৃত্ব দিয়েছেন। তারেক রহমান প্রবাসে থেকেও গত ১৭ বছর ধরে দল পরিচালনায় নেতৃত্ব দিচ্ছেন।”
তিনি আরও বলেন, “এই সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে এ কার্যক্রম চলবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাক্ষরিত রশিদের মাধ্যমে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের কাজ সম্পন্ন হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর আবশ্যক থাকবে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সামনে নির্বাচন। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, যেখানে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা হবে। সে লক্ষ্যে এখনই প্রস্তুতি নিতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ সোহেল তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাজাহান বিকম, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মাসুদ খান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও গুনারিতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

