হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী দাদখালী গ্রামে পূর্ব শত্রুতার জেরে তিষা আক্তার রুমা (২৮) নামে এক গৃহবধূকে বেধড়ক মারধর করেছে প্রতিবেশীরা। রবিবার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। আহত রুমা একই গ্রামের মফিজুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী মানিখার হোসেনের সঙ্গে মফিজুর রহমানের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার দুপুরে বাড়ির পাশ দিয়ে কলের পানি যাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মানিখার হোসেন, তার স্ত্রী তানজিলা বেগম ও দুই ছেলে শামিম ও হৃদয় লাঠি দিয়ে মফিজুর ও তার স্ত্রী রুমার ওপর হামলা চালায়।
মারধরের সময় বাঁশের লাঠির আঘাতে রুমার মাথা ফেটে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় সাতটি সেলাই দেওয়া হয়েছে।
এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা দাবি করছেন, ঘটনাটি পূর্ব পরিকল্পিত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

