গৌরনদী প্রতিনিধি
দেশব্যাপী চাঁদাবাজি, সন্ত্রাস এবং ঢাকায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে বরিশালের গৌরনদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে গৌরনদী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোর্শেদ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক সোলায়মান তুহিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন মোল্লা, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের সভাপতি তানভির হাসান তানিম, ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মোশারফ হোসেন, পৌর আহ্বায়ক মুমিন হোসেন, ছাত্রনেতা মিনহাজুল ইসলাম, সিফাত হোসেন, রাব্বি সিকদারসহ আরও অনেকে।
বক্তারা বলেন, “ঢাকায় এক ব্যবসায়ীকে পাথর দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ড ভিডিওর মাধ্যমে সারা দেশে মানুষের হৃদয়ে গভীর ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি করেছে। আমরা অবিলম্বে দোষীদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।”
তারা আরও বলেন, সারা দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও বিচারহীনতার সংস্কৃতি দিন দিন বাড়ছে। এসব বন্ধে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

