আক্তারুজ্জামান বাচ্চু, সাতক্ষীরা
গণতন্ত্র ও বৈষম্যবিরোধী আন্দোলনের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে সাতক্ষীরায় নির্মিত হচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। ২০২৪ সালের জুলাই মাসে রাজপথে আন্দোলনরত অবস্থায় শহীদ হওয়া তরুণদের স্মরণে এই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের কাটিয়াস্থ পুরাতন ডাকবাংলো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। এ সময় তিনি বলেন, “জুলাই আন্দোলনে জীবনদানকারী শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে।”
তিনি আরও জানান, দেশের প্রতিটি জেলায় এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আশা করা হচ্ছে আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম, জেলা সিভিল সার্জন ডা. আব্দুল সালাম, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্য সচিব সাদি, মুখপাত্র মোহিনি, জুলাই আন্দোলনে আহত এবং শহীদ পরিবারের সদস্যরা।
স্মৃতিস্তম্ভটির উচ্চতা নির্ধারণ করা হয়েছে ১৮ ফুট, প্রস্থ ৬ ফুট এবং নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪ লাখ টাকা। স্মৃতিস্তম্ভের গায়ে আন্দোলনের সময় রাজপথে উচ্চারিত প্রেরণামূলক স্লোগানসমূহ খোদাই করে রাখা হবে।
এটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ অর্থায়নে নির্মিত হচ্ছে।
উদ্বোধন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

