খন্দকার রবিউল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি
জেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজবাড়ীতে পালিত হয়েছে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলার খানখানাপুরে জুলাই অভ্যুত্থানে শহীদ আব্দুল গণির কবরস্থানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। শ্রদ্ধা জানান রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
পরে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।
শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “যেসব স্থানে স্মৃতিফলক নির্মাণ এখনও সম্পন্ন হয়নি, সেসব স্থানে শহীদদের কবরস্থানে শ্রদ্ধা জানানো হয়েছে। জেলার তিনজন শহীদের কবরস্থানে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।”
তিনি আরও জানান, “দিবসটি উপলক্ষে জেলার সকল মসজিদ, মন্দির ও উপাসনালয়ে শহীদ ও আহতদের জন্য বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতও অনুষ্ঠিত হচ্ছে।”
এদিন দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের সম্মান জানিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।
এছাড়া জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শহীদ সাগর এবং কালুখালী উপজেলার শহীদ কুরমান শেখের কবরস্থানে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত করা হয়।

