নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গাজীপুরে বাস্তবায়িত হয়েছে ব্যতিক্রমী একটি মানবিক উদ্যোগ—জয়দেবপুর জংশন রেলওয়ে স্টেশনে উদ্বোধন করা হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’।
মঙ্গলবার (৫ আগস্ট) গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন কর্নারটির উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) খন্দকার মুদাচ্ছির বিন আলী, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, প্রকল্প সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাবৃন্দ, ‘আইডিয়া প্রস্তাবকারী’ তরুণ দল এবং জয়দেবপুর রেলওয়ে স্টেশনের কর্মকর্তারা।
গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে এবং স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা ও গাইডলাইন অনুযায়ী আয়োজিত হয় ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যভিত্তিক আইডিয়া প্রতিযোগিতা। ১ থেকে ১০ জুলাই ২০২৫ পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে মোট ৬৯টি আইডিয়া জমা পড়ে।
বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’ প্রকল্পটি চূড়ান্তভাবে নির্বাচিত হয় এবং এটি বাস্তবায়িত হয় ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে।
এই কর্নারের মাধ্যমে প্রতিদিন হাজারো যাত্রী ও পথচারী এখন পাবেন নিরাপদ ও সুপেয় পানির সহজপ্রাপ্য সুবিধা। একইসাথে এটি শহীদ মুগ্ধর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি স্থায়ী প্রতীক হিসেবে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “এটি শুধু একটি পানির কর্নার নয়; বরং মানবিক চিন্তা, তরুণদের সৃজনশীলতা এবং ঐতিহাসিক চেতনা ছড়িয়ে দেওয়ার এক অনন্য উদ্যোগ।”

