কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিজয় শোভাযাত্রা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৫ আগস্ট) কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর যৌথ আয়োজনে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি সকাল ১১টার দিকে পৌর মার্কেট এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে এক পথসভায় পরিণত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এস.এম মহিউদ্দিন। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব আলম খান, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, “২০২৪ সালের জুলাই আন্দোলন ছিল দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। সেই আন্দোলনের মাধ্যমে দেশের মানুষ নিজেদের অধিকার ফিরে পেয়েছে।”
উপজেলা বিএনপির সভাপতি এস.এম মহিউদ্দিন বলেন, “দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশের জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করা হয়েছে। আমরা আশাবাদী, সামনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে।”

